বানিয়াচংয়ে কলেজছাত্রী নিখোঁজ: তিন দিনেও সন্ধান মেলেনি

অপরাধ বিচিত্রা ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে একাদশ শ্রেণির ছাত্রী লাবনী আক্তার (১৬) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে লাবনী নগদ টাকা, কিছু স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে নিজ বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পরদিন, অর্থাৎ ৪ সেপ্টেম্বর, তার পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের দিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লাবনীর বড় ভাই তার মোবাইল নম্বরে ফোন করলে সে ফোন রিসিভ করে। সে জানায়, “যেখানে এসেছি, সেখানকার গেট মালিক তালা দিয়ে দিয়েছেন। আমি বের হতে পারছি না।” তবে সে জায়গার সঠিক নাম বলতে পারেনি। পরিবারের দাবি, লাবনী শুধু ‘হবিগঞ্জ শহরের রাজনগর’ শব্দটি উল্লেখ করেছিল। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর লাবনীর মা ও ভাইয়েরা হবিগঞ্জ শহরের বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে খোঁজ নিলেও তার কোনো সন্ধান পাননি। লাবনী বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার বাসিন্দা।
পরবর্তীতে বাড়িতে লাবনীর বই-খাতা খোঁজাখুঁজি করে তার মায়ের উদ্দেশে লেখা ৪ পৃষ্ঠার একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লাবনী উল্লেখ করে, সে হবিগঞ্জ শহরে সরকারি খরচে চার মাসের কম্পিউটার প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সে লিখেছে, “আমি কারও হাত ধরে পালাইনি” এবং তাকে যেন খোঁজ না করা হয়, এ কথাও চিঠিতে বারবার উল্লেখ করেছে। চার মাস পর সে নিজেই বাড়ি ফিরবে বলে চিঠিতে জানিয়েছে।
পরিবারের দাবি, লাবনী বাড়ি থেকে মোট ৯ হাজার টাকা (মায়ের জমানো ৭ হাজার ও বোনের সঞ্চিত ২ হাজার) এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে।



