মিঠাপুকুরে সড়ক ও ঘর,সংস্কারের দাবিতে মিছিল

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসনের ব্যবহার অনুপযোগী রাস্তা ও জরাজীর্ণ ঘরবাড়ি সংস্কার এবং সড়কবাতি স্থাপনের দাবিতে গতকাল সোমবার (১০ নভেম্বর ২০২৫) জোরালো আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে। আবাসনের বাসিন্দাদের উদ্যোগে সকাল ১১টায় একটি মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করা হয়।
আবাসন সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ২০ বছরের পুরনো এই বসতির বেহাল দশা তুলে ধরেন। তারা বলেন, আবাসন প্রকল্পের ঘরগুলোর টিনে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। বাসিন্দাদের চলাচলের একমাত্র ইট বিছানো রাস্তাটি অসংখ্য খানাখন্দে ভরে যাওয়ায় রিকশা, অটো তো দূরের কথা, খালি পায়ে হাঁটাচলা করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া, সড়কবাতি না থাকায় রাতের বেলা রাস্তাটি আরও দুর্গম ও বিপজ্জনক হয়ে ওঠে।
কর্মসূচিতে ভূমিহীন আন্দোলনের নেতা এবং বাসদ (মার্কসবাদী), রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু ও সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বক্তব্য রাখেন। এছাড়াও আবাসনের বাসিন্দা নুরুন্নাহার, খোদেজা এবং দেলোয়ারসহ আরও অনেকে তাদের দৈনন্দিন দুর্ভোগের কথা তুলে ধরেন।
সমাবেশ থেকে অবিলম্বে রাস্তাটি মেরামত, জরাজীর্ণ ঘরবাড়িগুলো পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় সড়কবাতি স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।


