নাসিরনগরে কয়েক ঘণ্টার ব্যবধানে ফের অগ্নিকাণ্ড মকবুলপুরে ব্যাপক ক্ষতি

অপরাধ বিচিত্রা ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর বাজারে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ইউনিয়নের মকবুলপুর গ্রামে নতুন করে আগুন লাগে।
সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মকবুলপুর গ্রামের অহিদ মিয়ার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি দগ্ধ হতে থাকে।
স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এর আগে একই দিনে পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে যায়। একদিনে পরপর দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।



