রূপগঞ্জে মাদকবিরোধী সামাজিক ঐক্যের ডাক

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় মাদক নির্মূল ও সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিয়েছে এলাকাবাসী। গত সোমবার (২৭ এপ্রিল) রাতে দক্ষিণ নোয়াপাড়া (গ্রীন সিটি) এলাকার বাইতুল নুর মসজিদে এশার নামাজের পর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন মহলের উদ্যোগে আয়োজিত এই সভায় যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে সমন্বিত আন্দোলনের ওপর জোর দেওয়া হয়।
তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক মো. নাঈম মিয়ার বিশেষ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটি কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করছে না, বরং পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের কারণেই সমাজে অস্থিরতা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তারা গুরুত্বারোপ করেন যে, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে কেবল প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, মানসম্মত শিক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব বলে সভায় বক্তারা উল্লেখ করেন।
সভায় দক্ষিণ নোয়াপাড়া (গ্রীন সিটি) এলাকাকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলী, আব্দুল মোতালিব, জজ মিয়া, জয়নাল আবেদিন, মাসুম, শফিকুল ইসলাম, শহীদ ইসলাম বাবু, তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক হৃদয়, কাজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



