কোনাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার

জামাল হোসেন: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে ফারজানা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কোনাবাড়ী থানার নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজু মিয়ার মালিকানাধীন একটি টিনশেড কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফারজানা আক্তার রাজধানীর মিরপুরের বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে। তিনি স্বামী মো. বাবুর সাথে ওই কলোনিতে ভাড়া থাকতেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাবু (৩৫) ও বাড়ির কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ওই কলোনির একটি কক্ষ থেকে তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় স্থানীয়রা টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন। সেখানে মেঝেতে ফারজানার দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সেখান থেকে কেরোসিন তেলের একটি বোতল জব্দ করে।
এদিকে আটককৃত স্বামী বাবুর দাবি, তার স্ত্রীর সাথে বাড়ির কেয়ারটেকার রোমানের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বাবু পুলিশকে জানান, ঘটনার সময় তিনি স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফিরে তিনি স্ত্রীর মৃত্যুর খবর পান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
(বিস্তারিত আসছে ময়নাতদন্তের পর। চোখ রাখুন অপরাধ বিচিত্রায়)



