দেশ

নারায়ণগঞ্জে রামিসাসহ দেশজুড়ে সংঘটিত সকল ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় রামিসাসহ দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও পৈশাচিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সোচ্চার হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার (২০ মে) সকালে শহরের চাষাড়া বিজয় স্তম্ভ প্রাঙ্গণে সংগঠনের সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন ও রোড-শো কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা দেশে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, “রামিসার ওপর সংঘটিত এই বর্বরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত বছরের পর বছর ধরে চলা বিচারহীনতার ফল। একের পর এক নারী নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও ক্ষমতার প্রভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আমরা কেবল রামিসা নয়, প্রতিটি ভুক্তভোগী মানুষের জন্য বৈষম্যহীন ও প্রকৃত ন্যায়বিচার চাই।”

নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা তার বক্তব্যে বলেন, আইনি দুর্বলতা ও দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে অথবা জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়াচ্ছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ নির্মূলে তিনি দেশের প্রচলিত বিচার ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানান।

সংগঠনের জেলা সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, “তদন্তের দীর্ঘসূত্রতা আর ন্যায়বিচারের অভাবে সাধারণ মানুষ আইনের ওপর আস্থা হারিয়ে ফেলছে। অবিলম্বে রামিসাসহ সকল হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।”

তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সিয়াম সরকারের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সিদ্ধিরগঞ্জ শাখার আহ্বায়ক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য আবু তালহা ও অপূর্ব রায়সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মানববন্ধন শেষে একটি রোড-শো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে ছাত্রনেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button