কাঁঠালিয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মুহাম্মাদ আরিফুর রহমান রণি: ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. জুবায়ের ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের ইসলাম ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশু জুবায়ের। একপর্যায়ে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে জুবায়েরকে ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



