প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি শুরু চবিতে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর যৌথ উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ রোধে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত রোববার (১৪ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি একটি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ১০টি প্লাস্টিকের বিনিময়ে একটি গাছ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন প্লাস্টিক ব্যবহার থেকে নিরুৎসাহিত হবে, তেমনি বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত হবে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।”
তিনি এ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য চাকসুর প্রতিনিধিদের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ও হালদা নদী গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান এবং পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন।
চাকসুর প্রতিনিধিরা বলেন, বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অনেক বেশি। তবে পরিবেশ সংরক্ষণ শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
পরিবেশবান্ধব সমাজ গঠন এবং সবুজ পৃথিবী বিনির্মাণে প্লাস্টিক বর্জ্য কমিয়ে বৃক্ষরোপণকে উৎসাহিত করার এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।



