দেশ

রূপগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় গোলাকান্দাইল মোড়ে সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ পরিচালিত হবে। এ কারণে ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সব ধরনের গ্রাহক। পাশাপাশি আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যাওয়া বা সাময়িক সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানিয়েছে, উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button