দেশ

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর পৈশাচিক কায়দায় হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মরদেহ ল্যাপ-তোশকে মুড়িয়ে জনশূন্য সড়কের পাশে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের একটি গলি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম মো. মোতালেব হোসেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ‘জাজিরা টাওয়ারে’ সপরিবারে বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তাঁর একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত থেকে মোতালেব হোসেন রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে ল্যাপ ও তোশকে মোড়ানো একটি বড় পুঁটলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া নিহতের শরীরে গরম পানির ছ্যাঁকা দেওয়ার মতো অমানবিক নির্যাতনের আলামতও পাওয়া গেছে।

পুলিশের ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যবসার টাকা লুটের উদ্দেশ্যে এই অপহরণ ও খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

সুত্র: কালের কণ্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button