দেশ

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলাম প্রচারের সময় হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামারা। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতার অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, গত ২৭ জুন রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গেলে বাউল দলের অনুসারীদের একটি অংশ অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আলেম-ওলামা ও তৌহিদী জনতা আহত হন। তাদের ভাষ্য, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ধর্মীয় দাওয়াতি কার্যক্রমে বাধা দেওয়া এবং হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ম সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button