
মহাব্বত মুন্সী
উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জুলাই আন্দোলনের স্মরণে সমাবেশ, ডকুমেন্টারি প্রদর্শন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় ঐক্য, বোয়ালমারী উপজেলা-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রেক্ষাপট তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ এবং গণআকাঙ্ক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



