আনোয়ারায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ম্যাজিস্ট্রেটের হানা, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি এবং ক্রয় রশিদ না রাখার অপরাধে চারটি প্রতিষ্ঠানের মালিককে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলম (৪৪) কে ৪০ হাজার টাকা এবং সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিন (২৯) কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া চাতরী চৌমুহনী বাজারে গ্যাস সিলিন্ডারের ক্রয় রশিদ না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদ (৪০) কে ১০ হাজার টাকা এবং ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিম (৫৮) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।



