আনোয়ারার পারকিতে নিষিদ্ধ আ.লীগ নেতার দখল থেকে বিপুল পরিমাণ খাসজমি উদ্ধার

এম জসিম উদ্দিন, (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে প্রায় ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘ সময় ধরে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ খাসজমি উদ্ধারের পর সেখানে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
উদ্ধার করা জমিতে পর্যটকদের সুবিধার্থে একটি আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগেও গত সেপ্টেম্বর মাসের (২০২৬) শেষের দিকে পারকি সৈকতের পার্কিং এলাকার আশপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধার করা এই সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এরফান অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছিলেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে ইতোমধ্যে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পারকি সমুদ্রসৈকতে আসা দর্শনার্থী এবং পর্যটকদের যানবাহনের জন্য উদ্ধার করা জমিতে আধুনিক পার্কিং-ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। গাড়ি পার্কিং-এর জন্য বিশাল পরিসরে জায়গা না থাকায় দর্শনার্থী ও পর্যটকদের সমস্যার সম্মুখীন হতে হয়। স্হানীয় বাসিন্দারা আরো জানান, উদ্ধারকৃত জমিতে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে পর্যটকদের ভোগান্তি কমার পাশাপাশি সৈকত এলাকার সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। উদ্ধারকৃত খাসজমি যেন পুনরায় অবৈধ দখলদারদের হাতে না যায় বা বেদখল না হয়, সে জন্য প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান এলাকাবাসী।



