দেশ

সাব্বির আহমেদ তন্ময়কে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ তন্ময়ের পরিবারের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক সংবাদপত্রে ‘সরকার উৎখাতে গোপন তৎপরতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাব্বির আহমেদ তন্ময়ের পরিবার ও ঘনিষ্ঠজনরা। প্রকাশিত সংবাদে উত্থাপিত রাজনৈতিক পরিচয় এবং অভিযোগের বিষয়গুলো তথ্যগতভাবে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষে দাবি করা হয়, ২০১৮ সালে স্থানীয় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটিতে তন্ময়ের নাম অন্যায়ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কথা জানিয়ে লিখিত আপত্তি জানান এবং পরবর্তীতে তার নাম বাদ দেওয়া হয়। বহু বছর আগের একটি অনাকাঙ্ক্ষিত তালিকা উপস্থাপন করে তাকে বর্তমানে সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে চিহ্নিত করার বিষয়টি সম্পূর্ণ অবাস্তব ও বিভ্রান্তিকর।

মামলার এজাহারে উল্লেখিত ঘটনার সময় তন্ময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (দোকানে) অবস্থান করছিলেন বলে দাবি স্বজনদের। তারা জানান, উক্ত সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই তার উপস্থিতি ও প্রকৃত ঘটনার সত্যতা মিলবে। এ কারণে গ্রেপ্তারের সময়, মামলার নথি এবং দোকান ও সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জোর দাবি জানান তারা।

প্রতিবাদকারীদের অভিযোগ, গত আগস্ট মাসে রাস্তার মাটি নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় শওকত আলী নামে এক ব্যক্তির সঙ্গে তন্ময় ও তার বাবার বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জেরে তাদের দেখে নেওয়ার ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে শওকত আলী পুলিশকে কিছু পুরনো ও বিভ্রান্তিকর ছবি এবং তথ্য সরবরাহ করে বিভ্রান্ত করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এ ঘটনার পেছনে ওই বিরোধের কোনো প্রভাব আছে কি না, তাও তদন্তের আওতায় আনার দাবি জানান তারা।

সাব্বির আহমেদ তন্ময়ের পরিবার সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের প্রতি আর্জিতে জানান, সিসিটিভি ফুটেজ, পূর্বের বিরোধের রেকর্ড এবং সার্বিক তথ্য উপাত্ত নিরপেক্ষভাবে যাচাই করে যেন প্রকৃত ঘটনা উদঘাটন করা হয়। একই সঙ্গে কোনো অসম্পূর্ণ বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে কারো সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না করতে সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানান তারা।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবাদটি সাব্বির আহমেদ তন্ময়ের পরিবার ও স্বজনদের প্রদত্ত লিখিত বক্তব্য ও দাবির ভিত্তিতে তৈরি। উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও পুলিশ প্রশাসনের প্রাতিষ্ঠানিক বক্তব্য পরবর্তীতে প্রাপ্তিসাপেক্ষে প্রকাশ করা হবে।)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button