চট্টগ্রামে রাহাত উল্লাহ রবিনের বাসায় হামলা-ভাঙচুর, নগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিনের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
রোববার (১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল সাংগঠনিক নেতার বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা সাংগঠনিক পদ-পদবি ব্যবহার করে পেশিশক্তির মাধ্যমে সহযোদ্ধাদের ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
নেতৃদ্বয় বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক সংগঠন। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অন্যায়, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় সংগঠন নেবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয়ই তাঁদের দায়মুক্তির কারণ হতে পারে না। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলীয় বিধিবিধান অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে তাঁরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি আক্রান্ত পরিবার ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী হিসেবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. জাহিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।



