বিনোদন

বলিউড অভিনেতা টাইগার কে কারা টার্গেট করছে?

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে আততায়ীদের অতর্কিত গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফুটবল ম্যাচ খেলে মুম্বাইয়ের জুহু এলাকায় নিজের বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়িতে করে ফেরার পথে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে ষষ্ঠ গুলিটি ছোড়ার মুহূর্তে বন্দুকধারীর অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এই অভিনেতা।

ঘটনাস্থলের সিসিটিভি ও প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন দুষ্কৃতকারীর মধ্যে দুজন চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে টাইগার শ্রফের গাড়িচালক ফেরদৌসসহ গাড়িতে থাকা মোট দুইজন গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন।

হামলার মুখে চালক গুলিবিদ্ধ হয়ে নিয়ন্ত্রণ হারালে টাইগার শ্রফ চরম সাহসিকতার পরিচয় দেন। তিনি তাৎক্ষণিকভাবে চালকের আসনে বসে পড়ে গাড়ি নিয়ন্ত্রণ নেন এবং আহত চালক ও সঙ্গীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ঘটনার পরপরই অডিও বার্তার মাধ্যমে এর দায় স্বীকার করেছে কুখ্যাত ‘লরেন্স বিষ্ণোই গ্যাং’-এর সদস্য অনিল পণ্ডিত।

অডিও বার্তায় দাবি করা হয়, বলিউড তারকা সালমান খানের সঙ্গে টাইগারের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং তাদের পূর্বে দেওয়া নির্দেশ অমান্য করার শাস্তি হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে এই অডিও বার্তার সত্যতা নিরপেক্ষ কোনো সূত্রে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাজ নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, বর্তমানে অভিনেতা টাইগার শ্রফ সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং পুরো হামলা চক্রটিকে শনাক্ত করতে ব্যাপক তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button