কসবায় মহাসড়ক উত্তপ্ত করল ছাত্রলীগ বক্তব্য দিতে নারাজ ওসি

এম এ মান্নান: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঝটিকা এই পিকেটিং ও বিক্ষোভের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার খেসারত দিতে হয় সাধারণ যাত্রী ও চালকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল রাফির নেতৃত্বে একদল নেতাকর্মী হঠাৎ মহাসড়কে অবস্থান নেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ সহ সাবেক আইনমন্ত্রীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।ঘটনার পরপরই আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিক্ষোভের ভিডিওটি সরাসরি প্রচার করেন, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি ও মহাসড়ক অবরুদ্ধ করার ভিডিও ভাইরাল হতেই পুরো উপজেলাজুড়ে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিকে আকস্মিক এই অবরোধের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে বেশ কিছু সময় যানবাহন চলাচল থমকে যায়। ফলে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকেরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন।
উত্তপ্ত পরিস্থিতিতে আইনগত পদক্ষেপ ও সার্বিক বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানান, “এটি বক্তব্য দেওয়ার মতো কোনো বিষয় নয়।



