ঝালকাঠিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): ৯নভেম্বর ২৬সোমবার ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকাসহ অমিত কুমার কংশ বনিক অপু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সোমবার রাত আনুমানিক ১০:০০ মিনিটের সময় ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাতাসাপট্টি এলাকায় রফিকুল ইসলামের পাঁচতলা বাড়ির সামনের রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঝালকাঠি পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাতাসাপট্টি এলাকার ওই ভবনের সামনে সন্দেহভাজন অমিত কুমার কংশ বনিক অপুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লা্শী চালিয়ে ৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অপু দীর্ঘদিন ধরে ঝালকাঠি পৌরশহর ও এর আশপাশের এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত অমিত কুমার কংশ বনিক অপু ছাড়াও মাদক ব্যবসায় সহায়তার অভিযোগে মো. মিজানুর রহমান (৩৭) নামের অপর এক ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি করা হয়েছে।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেফতারে এবং মাদকের সাথে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।



