আইন ও বিচার

নিজেকে ‘নন-পলাতক আ.লীগ’ সভাপতি ঘোষণা করা সেই আইনজীবী কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক: আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি ঘোষণা করেছিলেন আইনজীবী মো. কামাল উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বিভিন্ন বক্তব্য ও ভিডিও নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয়। এবার চট্টগ্রামের কর্ণফুলীতে তার ভাড়া বাসা ঘেরাও করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে ওই বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থান জানার পর কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঢাকা পোস্টকে বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবীও ছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কামাল উদ্দিন। বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও তাদের বিপদে খোঁজখবর নেন না বলে অভিযোগ করতেন তিনি। এ নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন।

গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি।মের খবর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button