রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঘুষ, দুর্ব্যবহার ও অনিয়মের অভিযোগ, প্রাথমিক অনুসন্ধানে দুদক
মামুন খান: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার মো. ইলিয়াস হোসেনের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ঘুষ গ্রহণের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও সেবাপ্রার্থীদের দাবি, অতীতেও নানা অনিয়মের অভিযোগ উঠলেও তাঁর বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে তিনি রাজউকের জোন-৭/১-এর অথরাইজড অফিসার হিসেবে কর্মরত রয়েছেন; এর আগে তিনি জোন-৫/২-এর অথরাইজড অফিসার এবং জোন-৬-এর সহকারী অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮ সালের আগস্টে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নের উদ্দেশ্যে তিন বছরের বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন ইলিয়াস হোসেন। অভিযোগ রয়েছে, ছুটি অনুমোদিত হওয়ার আগেই তিনি মালয়েশিয়ায় চলে যান।
পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দুই মাস দুই দিন কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি উঠে আসে। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হলেও শাস্তি হিসেবে কেবল ‘সতর্ক’ করেই বিষয়টি নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে ইলিয়াস হোসেনের বক্তব্য, ছুটি প্রক্রিয়াধীন থাকার সময় বিমানের টিকিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি বিদেশে যান এবং তদন্ত শেষে তাঁকে সতর্ক করা হয়েছিল।
সেবাপ্রার্থীদের অভিযোগ, চাহিদামাফিক ঘুষ কিংবা ‘সার্ভিস চার্জ’ পরিশোধ না করলে রাজউকের ফাইল সচরাচর এগোয় না। এমনকি নিজের পেশাগত পরিচয় দিয়ে প্রাপ্য সেবা চাইলে হয়রানির মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের সাবেক এক অতিরিক্ত সচিব বলেন, চাকরি জীবনে তিনি এতটা বেপরোয়া কর্মকর্তা খুব কমই দেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মাত্র ৭-৮ বছরের চাকরির অভিজ্ঞতা হলেও আচরণে এমন ভাব ধরা হয় যেন কারো কোনো জবাবদিহি নেই। ওই সাবেক আমলা জানান, একটি বৈধ কাজের সেবায় বিলম্ব হওয়ায় নিজের পরিচয় দিয়ে দ্রুত সমাধান চাইতে গেলে উল্টো দুর্ব্যবহার ও বাড়তি হয়রানির শিকার হন তিনি। বিব্রতকর পরিস্থিতির কারণে তিনি আনুষ্ঠানিক অভিযোগ না করলেও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নকশার কাজে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ ও অস্বীকৃতি
একজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, ভবনের নকশা-সংক্রান্ত কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন কিস্তিতে তাঁর কাছ থেকে মোট ১০ লাখ টাকা নেন ইলিয়াস হোসেন। অর্থ নেওয়ার পরও কাজ না পেয়ে যোগাযোগের চেষ্টা করলে লোকজনের মাধ্যমে হুমকি দেওয়া হয় বলে দাবি ওই ব্যবসায়ীর। তবে ইলিয়াস হোসেন এই অভিযোগ নাকচ করে জানিয়েছেন, তিনি ওই ব্যবসায়ীকে চেনেন না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। তবে ঘুষ, দুর্ব্যবহার ও অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে ইলিয়াস হোসেন দাবি করেছেন, তিনি কারও কাছ থেকে ঘুষ নেন না, পুরোনো বিষয় নিয়ে নতুন করে আলোচনার যৌক্তিকতা নেই এবং তিনি নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।



