অভিযান

১৭ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ বিচিত্রা ডেস্ক: ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১৭টি জেলায় ২৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের ২২টি টিম ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল ও ভেজাল পণ্য এবং হোটেল-রেস্তোরাঁর অনিয়মসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়।

এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মজুদ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ও মেয়াদ যাচাই এবং ক্রয়ের পর ভাউচার সংগ্রহের পরামর্শ দিয়েছে। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধও জানানো হয়েছে।

বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button