২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
অনলাইন ডেস্ক: বিশ্বে দ্রুতগতিতে বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০১টি দেশ ও অঞ্চল—যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ—বিশ্লেষণ করে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়হীন মানুষের ভবিষ্যৎ পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে এই গবেষণায়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হারের কারণে খ্রিষ্টানদের চেয়ে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির গতি অনেক বেশি হবে।
একজন মুসলিম নারীর গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। উল্লেখ্য, একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
স্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের ধারায় ২০৭০ সাল নাগাদ বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে, খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ।
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ধর্মত্যাগ বা ধর্মান্তরের কারণে মুসলিমদের তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীতে অনুসারী হ্রাসের হার অনেক বেশি হবে।
গবেষণা বলছে, পূর্বাভাসের সময়কালে ধর্মান্তরের ফলে খ্রিষ্টধর্মে নিট প্রায় ১০ কোটি ৫০ লাখ মানুষের ঘাটতি তৈরি হতে পারে, যাঁদের একটি বড় অংশ পরবর্তীতে কোনো ধর্মীয় পরিচয় গ্রহণ না করে নাস্তিক বা অজ্ঞেয়বাদী হয়ে উঠতে পারেন। অন্যদিকে, ইসলাম ত্যাগ ও গ্রহণের পার্থক্যে মুসলিম জনগোষ্ঠীতে নিট ঘাটতি হতে পারে প্রায় ৮০ লাখ।
তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ ধর্মান্তর নয়, বরং উচ্চ জন্মহার এবং তরুণ জনগোষ্ঠীর আধিক্য।
২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এমন ৫৩টি দেশে, যেখানে আরও প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হবেন।
প্রতিবেদনে পাকিস্তানের উদাহরণ টেনে বলা হয়েছে, দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে বর্তমান শীর্ষ দেশ ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে।
২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যাবে মুসলিমরা। অন্যদিকে, খ্রিষ্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশই (প্রায় ৬৩ কোটি) সীমাবদ্ধ থাকবে বর্তমানের ১২০টি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশে।



