ধর্ম ও জীবন

জমি বা বাড়ি বিক্রয়ে অংশীদার ও প্রতিবেশীর অগ্রাধিকারের ইসলামি বিধান ‘শুফ‘আ’ এবং এর নীতিমালা

অনলাইন ডেস্ক: জমি বা বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে যৌথ মালিকানার অংশীদার কিংবা প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ইসলামি শরী‘আতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। শরী‘আতের পরিভাষায় এই অগ্রাধিকার বা ক্রয়সত্ত্বকে ‘শুফ‘আ’ বলা হয়। অংশীদার বা প্রতিবেশীর স্বার্থ, সুসম্পর্ক ও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত প্রতিবেশী এড়িয়ে চলার লক্ষ্যেই এই বিধান রাখা হয়েছে।

যৌথ মালিকানা ও প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, জমি অথবা (খেজুর) বাগানে যদি কারও কোনো শরীক থাকে, তবে ওই শরীকের অনুমতি না নিয়ে সে (অংশ) বিক্রি করতে পারবে না। সে চাইলে গ্রহণ করবে, না চাইলে ছেড়ে দেবে। (সহীহ মুসলিম, হাদীস: ১৬০৮; মিশকাতুল মাসাবীহ, হাদীস: ২৯৬২)।

সহজ কথায়, বিক্রেতা প্রথমে অংশীদার বা প্রতিবেশীকে জমি বা বাড়ি বিক্রয়ের বিষয়টি অবহিত করবেন; তাঁরা নিতে আগ্রহী না হলে কিংবা অপারগতা প্রকাশ করলে অন্যত্র বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে অন্য একটি হাদীসে রাসূলুল্লাহ (সা.) আরও বলেন, প্রতিবেশী তার প্রতিবেশীর শুফ‘আর অধিক হকদার। তাদের উভয়ের যাতায়াতের একই পথ হলে তার অনুপস্থিতিতে তার জন্য অপেক্ষা করতে হবে। (সুনানে আবু দাউদ, হাদীস: ৩৫১৮; সুনানে ইবনু মাজাহ, হাদীস: ২৪৯৪; মিশকাতুল মাসাবীহ, হাদীস: ২৯৬৭)। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে আমর ইবনু শারীদ (রহ.) থেকে বর্ণিত হাদীসটিও (সহীহ বুখারী, হাদীস: ২২৫৮) বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইসলামি ফিকহের গ্রন্থাবলিতে উল্লেখ রয়েছে যে, শুফ‘আ দাবি করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া না থাকলেও যিনি এই অগ্রাধিকারের দাবিদার, বিক্রয়ের বিষয়টি জানার পর দাবি উত্থাপনে অহেতুক বিলম্ব না করাই তাঁর কর্তব্য (ইবনু কুদামাহ, আল-মুগনী: ৫/২৪১)। এর ফলে লেনদেন ও মালিকানা হস্তান্তরে স্বচ্ছতা এবং পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button