আইন-শৃঙ্খলা

যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক মুন্না হত্যার ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০

মামুন খান: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও পরিচয়পত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১০ সূত্র জানায়, নিহত মুন্না যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই দিনই দুপুর আনুমানিক দেড়টার দিকে মৃধাবাড়ী-ডাকাতবাড়ী গলির মাঝামাঝি ওয়াসার পানির খালের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরনের পোশাক দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মুন্নার বলে শনাক্ত করেন। সুরতহালে নিহতের গলা, মুখ ও মাথায় ধারালো অস্ত্রের কাটা জখম এবং মুখ দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় পরদিন ২০ নভেম্বর নিহতের বোন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উদ্ধারকৃত আলামত

মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো অধিযাচন পত্রের ভিত্তিতে এসআরবি-১০ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১ (যাত্রাবাড়ী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রোববার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে রাত আনুমানিক সাড়ে ৮টায় হাসানাবাদ এলাকা থেকে মো. জুয়েল (৩৯) (পিতা: মৃত ইসমাইল গাজী, সাং: সাদেবপুর, থানা: মেহেন্দিগঞ্জ, জেলা: বরিশাল), রাত ৯টা ৫০ মিনিটে কালিগঞ্জ এলাকা থেকে হারুন মিয়া (৪৪) (পিতা: রুস্তম মিয়া, সাং: কালিগঞ্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ) এবং রাত সাড়ে ১১টায় খালপাড়া এলাকা থেকে সোহেল রানা (৩৮) (পিতা: মৃত মনির হোসেন, সাং: খালপাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ)-কে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button