
মুহাম্মদ জুবাইর
গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন,জুলাই আন্দোলনে নিহত ও আহত ভাইদের সাথে বিবেক বিক্রি করা যাবে না।রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আর দায়িত্বে থাকা সবাইকে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।কোন প্রকার স্বজনপ্রীতি চলবে না। আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই, আর পিছনের তাকানোর সুযোগ নেই।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটকেন্দ্র মনিটরিংয়ের জন্য ক্যামেরা বসানো হয়েছে।
ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নিজেদের বিবেক কোনভাবেই বিক্রি করবেন না, আমাদের যেন কঠোর হতে না হয়। এই দেশ, এই পবিত্র ভূমিতে অনেক রক্ত ঝরেছে, আমরা আর রক্ত চাই না।”
তিনি সকলকে সতর্ক করেন, নির্বাচনে দায়িত্বরতদের কোন রকম গাফিলতির দায় নির্বাচন কমিশন নিবে না।আমরা শতভাগ সুষ্ঠু এবং সৎভাবে দায়িত্ব পালন আশা করি। দেশের ভাবমূর্তি রক্ষায় দেশের মেরুদণ্ড সোজা করতে চাই। যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন,বিগত সময়ে আপনারা দায়িত্ব পালন করেছেন। এবার আমরা পঁচা নির্বাচনের প্রভাব থেকে মুক্ত হতে চাই। কোনো চাপ থাকুক বা না থাকুক, দায়িত্ব রয়েছে। বৈধ আদেশ ও নির্দেশনা পালন করতে হবে এবং কাউকে ভয় পাবেন না। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ অধিনায়ক মেজর আখলাফ, চট্টগ্রাম আনসার ও ভিডিপির বিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক, ভোট গ্রহণকারী কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিরা।
সভায় দায়িত্বশীলরা ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা এবং সর্বস্তরের সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছেন, ভোটের দিন কোন প্রকার চাপ, অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না।
এলাকাবাসী ও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন,দ্রুত এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।



