
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকবে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ভোগ করলেও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক।
প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ,নির্বাচন কমিশন সচিবালয়,বাংলাদেশ ব্যাংক,বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।



