
নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন, ছিনতাই, মাদকের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন ছাত্র সমাবেশ হয়েছে। সোমবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন হয়।
বামপন্থী ছাত্র সংগঠনগুলো এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে। পরে জেলায় খুন, ছিনতাই ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবিতে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা মুখ্য সংগঠক শাকিল আহমেদ রুদ্রনীলের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সদস্য জিহানুল হক জোহার সঞ্চালনায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা আহবায়ক কামরুল হাসান বসুনিয়া, সদস্য সচিব সুমনা আকতার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, প্রচার প্রকাশনা সম্পাদক আবির আহমেদ, কলেজ ছাত্র ইউনিয়নের নেতা সোহাগ বর্মন প্রমুখ।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গাইবান্ধা পৌর এলাকাসহ জেলায় আশংকাজনক হারে মাদক ব্যবসা, ছিনতাই, কিশোর গ্যাং, হত্যা ও অন্যান্য ঘটনা বেড়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনমনে স্বস্তি ফিরে আনতে সরকার ও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে ছাত্র নেতৃবৃন্দ পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন।



