আইন-শৃঙ্খলাপ্রশাসন

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ২ জনের কারাদণ্ড

সারোয়ার জাহান আরিফ, নরসিংদী জেলা প্রতিনিধি | ৮ মার্চ, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে গাঁজা সেবন ও জনসম্মুখে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৮ মার্চ) উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সাজাপ্রাপ্তরা হলেন মনোহরদীর চরমান্দালিয়া এলাকার মো. কাজল (৬০) এবং বোরহান (৪৫)। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনকেই দেড় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডংগীপাড়া এলাকায় ওই দুই ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়।

মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের “খ” সার্কেলের পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন ও তাঁর আভিযানিক দল।

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, মনোহরদী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button