আনোয়ারায় চোলাই মদ সেবনের অপরাধে এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ সেবনের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
অভিযান পরিচালনাকালে জয়কালী বাজার এলাকা থেকে মো: বাবু (৩৪) নামক এক ব্যক্তিকে ঘটনাস্থলে চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃত মো: বাবু উপজেলার আবদুস সালামের ছেলে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে আনোয়ারা উপজেলা প্রশাসনের এই নিয়মিত মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।



