আইন-শৃঙ্খলা

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাই, চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গাজী সারোয়ার শ্রাবন (৩২) নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে সঙ্গে নিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে ঘটনাস্থলে আসেন। পরে বাদী মো. জামাল উদ্দিন জিকু (২৭)-কে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় ২১ অক্টোবর একটি মামলা করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৮২ ধারায় রুজু করা হয়েছে।

মামলার তদন্ত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর রাত ১টা ১০ মিনিটে পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। তাঁদের মধ্যে রবিউল হাসানের বাড়ি নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা এলাকায় এবং আদনান উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। তাঁরা নগরীর পাঁচলাইশ থানাধীন মমিনবাগ এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে বাদীর চোরাই যাওয়া একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চক্রের অন্য সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button