অন্যান্য

এক কিস্তিতে ৪৫৭ সাংবাদিককে ২ কোটি ৬৮ লাখ টাকা অনুদান,ঈদের আগে বড় সহায়তা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে এক কিস্তিতে রেকর্ড সংখ্যক ৪৫৭ জন সাংবাদিক ও তাদের পরিবারের জন্য ২ কোটি ৬৮ লাখ টাকার অনুদান মঞ্জুর করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।আজ অনুষ্ঠিত ট্রাস্টের বোর্ড সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ১৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ট্রাস্ট সূত্রে জানা গেছে,সাংবাদিকদের আর্থিক সংকট,অসুস্থতা ও জরুরি সহায়তার বিষয় বিবেচনা করে এই অর্থ মঞ্জুর করা হয়েছে।বিশেষ করে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাংবাদিক পরিবারগুলোকে সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।চেক প্রস্তুত ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে ট্রাস্টের কয়েকজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও কর্মচারী রাতদিন কাজ করে যাচ্ছেন।

আজকের বোর্ড সভায় আর্থিক সহায়তার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।এর মধ্যে অন্যতম হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালে সাংবাদিকদের জন্য বিশেষ কাউন্টারের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা চালু করার উদ্যোগ।এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য একটি নিজস্ব মাল্টিপারপাস ভবন নির্মাণের লক্ষ্যে জায়গা বরাদ্দের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের পরিমাণ বৃদ্ধি এবং সরকারি বাজেট বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এই লক্ষ্যে ট্রাস্টের পক্ষ থেকে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বর্তমানে ট্রাস্টের নিজস্ব কোনো যানবাহন না থাকায় কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যা হচ্ছে।এই বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত একটি গাড়ি কেনার বিষয়েও বোর্ড সভায় আলোচনা হয়েছে।ট্রাস্টের চেয়ারম্যান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে,গত এক মাসের মধ্যে তিনটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে,যা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ইতিহাসে বিরল ঘটনা।এই তিনটি গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সভাপতিত্ব করেছেন যথাক্রমে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান,তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এদিকে চলতি রমজান মাসে সাংবাদিকদের কল্যাণে আরও কয়েকটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এর অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার ৪০২ জন সাংবাদিক সন্তানের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।এছাড়া দেশের ৬৩ জেলার প্রায় ২ হাজার সাংবাদিকের ঘরে ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগে সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।অনেকেই মনে করছেন,এ ধরনের সহায়তা সাংবাদিক পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনে এবং পেশাজীবী সাংবাদিকদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে,চেক প্রস্তুত হলে সংশ্লিষ্ট সাংবাদিকদের ফোন অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এ কারণে অনুরোধ জানানো হয়েছে,চেক পাওয়ার বিষয়ে কেউ যেন অপ্রয়োজনে ফোন না করেন।চেক বিতরণ কার্যক্রম সম্পূর্ণ প্রস্তুত হলেই নির্ধারিত সময়ের মধ্যে তা হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button