অন্যান্য

নগরফুলের আয়োজনে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মুহাম্মদ জুবাইর

অনুষ্ঠানে অংশ নিয়ে উপহার দেন সিএমপি কমিশনার

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুলের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল ১২তম মৌসুম” শীর্ষক এ আয়োজনে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে নগরীর সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বিপিএম। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিএমপি কমিশনার বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মানবিক ও মহৎ উদ্যোগ। তিনি বলেন, নগরফুল যে উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে পথশিশুদের পাশে দাঁড়াচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহানুভূতি ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সিএমপি কমিশনার বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যদি একসঙ্গে কাজ করে, তাহলে পথশিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমাম হোসেন রানাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া নগরফুলের উপদেষ্টা সায়েদ মিল্কি, সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য সুবিধাবঞ্চিত ও পথশিশু অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে নগরফুল। প্রতি বছর ঈদকে সামনে রেখে শিশুদের মাঝে পোশাক ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করা হয়। এবারও সংগঠনটির উদ্যোগে শতাধিক শিশু ঈদ উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে নতুন পোশাকসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ সমাজের অন্য সংগঠন ও বিত্তবান মানুষদেরও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button