রাজনীতি

ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে:মীর হেলাল

মুহাম্মদ জুবাইর

ছাত্ররাজনীতি হতে হবে মেধা, যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সময় ছাত্ররাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, সহিংসতা ও সন্ত্রাসের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব ছাত্ররাজনীতি গড়ে তোলা সময়ের দাবি। এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-কে।

শুক্রবার বিকেলে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, ছাত্ররাজনীতি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই বা দখলদারিত্বের জায়গা নয়; বরং এটি হচ্ছে নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলো থেকে যে নেতৃত্ব তৈরি হবে, তারাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ছাত্ররাজনীতিতে সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও অযোগ্য নেতৃত্বের কোনো স্থান থাকা উচিত নয়।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষিত, দক্ষ ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলা। ছাত্রদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমান-এর পরিকল্পনা ও দিকনির্দেশনায় একটি আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মীর হেলাল উদ্দীন বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনবান্ধব সরকার ইতোমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন ও পুনঃখনন কার্যক্রম, কৃষকদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ নানা উদ্যোগ। এসব পদক্ষেপ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সবাই সমান সুযোগ পাবে এবং উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ভোগ করতে পারবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালাতে পারে। তাই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে।

তিনি আশা প্রকাশ করেন যে তরুণ সমাজ দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণইফতার মাহফিলে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজ ও সদস্য সচিব মীর্জা ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন মহসিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন, যা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button