ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরি: যমুনা ওয়েল মিলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১৫ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার জগৎ বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদনের দায়ে ‘যমুনা ওয়েল মিল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল শনিবার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযান সূত্রে জানা যায়, জগৎ বাজার এলাকায় যমুনা ওয়েল মিলে সম্পূর্ণ অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরিষার তেল অনেক ক্ষেত্রেই মানুষের দ্বারা সরাসরি কাঁচা অবস্থায় খাওয়া হয়, বিধায় এটি সরাসরি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত। তাই অন্যান্য সরাসরি গ্রহণ করা খাদ্যের মতোই সরিষার তেলও যথাযথ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা বাধ্যতামূলক।
ভবিষ্যতে যেন এমন অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করা না হয়, সেজন্য যমুনা ওয়েল মিল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



