রাজনীতি

সংসদে চুপ্পুকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

আরিফুজ্জামান হেলাল

ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি। অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, ‘অনেক সমালোচনা সত্ত্বেও আমরা গতকাল সংসদে গিয়েছি। কারণ, জনগণ এগারো দলীয় প্রার্থীদের বিজয়ী করেছে। আমরা সংসদে গিয়েছি মূলত সংস্কার বাস্তবায়ন, সংসদের উচ্চ কক্ষ গঠন এবং সংবিধান সংস্কার করার জন্য।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) উদ্দেশ্য করে বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, ‘দ্রুত এই রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। একইসঙ্গে গণহত্যা ও শপথ ভঙ্গের দায়ে চুপ্পুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।’

বক্তব্যে তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহর বাড়িতে আওয়ামী লীগের অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। নাহিদ ইসলাম বলেন, ‘গুপ্তহত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগ সবসময় রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে। সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এসময় তিনি ময়মনসিংহবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের ময়মনসিংহ বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button