অন্যান্যঅপরাধআইন ও বিচারচট্টগ্রাম বিভাগদেশলক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে তেল মজুদ ও অতিরিক্ত ভাড়া আদায়: তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা। অভিযানকালে তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে মিথ্যা তথ্য প্রদান এবং ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্টার খাতা হালনাগাদ না রাখার অভিযোগে ‘ফিরোজ আলম ফিলিং স্টেশন’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুর বাস টার্মিনালে অভিযান চালায়। সেখানে বিভিন্ন পরিবহনে তদারকি করে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ অপরাধে ‘জোনাকি বাস সার্ভিস’-কে ৬ হাজার টাকা এবং ‘ইকোনো বাস সার্ভিস’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, “পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা দণ্ডনীয় অপরাধ। আজ তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।”

তিনি আরও জানান, জনসাধারণের অধিকার রক্ষা এবং ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি।অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ যাত্রীরা স্বাগত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button