ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: র্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক দুইটি অভিযানে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। একইসাথে একটি সিএনজি অটোরিকশা জব্দসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, ০৩ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে। প্রথম অভিযানে ফেনী সদর থানাধীন মহিপাল ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে স্টার লাইন (চট্টগ্রাম/কক্সবাজার) বাস কাউন্টারে অভিযান চালানো হয়। এসময় যাত্রীদের বসার স্থানের পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা এবং একটি কালো ট্রলি ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানায় র্যাব।
পরবর্তীতে একই দিনে অপর এক অভিযানে ফেনী সদর থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাহ আলম (৫০) এবং মোঃ কামরুল ইসলাম (৩২), উভয়ই ফেনী জেলার বাসিন্দা।
তল্লাশিকালে সিএনজি অটোরিকশার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় হোমিওপ্যাথিক ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। একইসাথে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, চোরাকারবারিরা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে এসব ঔষধ চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল। এ ধরনের চোরাচালান প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গাঁজা, শুল্কবিহীন ভারতীয় ঔষধ এবং জব্দকৃত সিএনজিসহ ফেনী সদর থানা পুলিশ-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



