বন্দর থেকে গায়েব হওয়া ৬০ লাখ টাকার কাপড় নোয়াখালীতে উদ্ধার
মুহাম্মাদ জুবাইর: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে আত্মসাৎকৃত প্রায় ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যের ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় জড়িত ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪/০৪/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেড কর্তৃক আমদানিকৃত বিভিন্ন সাইজের মোট ১৬৩টি কাপড়ের রোল, যার আনুমানিক ওজন প্রায় ৯.৫ টন এবং বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা, একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুর চৌরাস্তা গন্তব্যে পাঠানো হয়।
পথিমধ্যে হালিশহর থানাধীন আব্বাসপাড়া টোল রোডস্থ চিটাগাং ফিলিং স্টেশনে গাড়িটি সাময়িকভাবে রাখা হয়। পরবর্তীতে ২৫/০৪/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় কাভার্ডভ্যানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেও গাজীপুরে না গিয়ে চালকসহ সংশ্লিষ্টরা মিলে আমদানিকৃত ১৬৩টি কাপড়ের রোল আত্মসাৎ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে হালিশহর থানায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৭/০৪/২০২৬ খ্রি., ধারা: ৪২০/৪০৭/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়।
মামলা রুজুর পর উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের নির্দেশনায় ইন্সপেক্টর মোঃ জামির হোসেন জিয়ার নেতৃত্বে ডিবি টিম-৩৪ ছায়া তদন্ত শুরু করে। টিমের এসআই মোঃ মহিউদ্দিন রাজু এবং এসআই মোহাম্মদ তারেক আজিজের সমন্বয়ে গঠিত দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৫/২০২৬ ইং তারিখে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ০১নং হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করে।
পরবর্তীতে একই দিনে চর জব্বর থানাধীন চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকায় পৃথক অভিযানে আরও ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। এভাবে মোট ১৬৩টি কাপড়ের রোল সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী আবুল বাসার (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



