এমপি ও হাইকমান্ডকে চ্যালেঞ্জ করা সেই কুখ্যাত মাদক কারবারি অবশেষে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে থানা পুলিশ। বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সিরাজ সিকদার (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা পদ্মমনষা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজ সিকদার মৃত জাহাঙ্গীরের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি প্রভাবশালী মহলকে তোয়াক্কা না করে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়েও বিভিন্ন সময় চ্যালেঞ্জ ছুড়ে দেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।



