আইন-শৃঙ্খলাপ্রশাসন

দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামী ধরে আনলো পিবিআই নরসিংদী

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামী আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পিবিআই নরসিংদী জেলা। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের বিশেষ টিম তাকে দেশে নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামী আরিফ সরকার (৪০), পিতা-মৃত হাফিজ উদ্দিন সরকার, গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকায়। গত ০৬ মে ২০২৬ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টা ১৩ মিনিটে নিজ বাসভবনে সশস্ত্র হামলার শিকার হন তিনি। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পিস্তল দিয়ে গুলি করে তাকে গুরুতর আহত করে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আরিফ সরকারসহ একাধিক ব্যক্তিকে আসামী করা হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই নরসিংদী জেলা।

পিবিআই সূত্র জানায়, তদন্ত চলাকালে এর আগেও এই হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামী মহসীনকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে দেওয়া তার জবানবন্দিতে আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের সম্পৃক্ততা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তদন্তে আরিফ সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর তার বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর সহায়তা চাওয়া হয়।

পরবর্তীতে আরিফ সরকারের দুবাইয়ে অবস্থান নিশ্চিত হলে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হয়। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর পিবিআই নরসিংদী জেলা আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করে। পরে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর শিবপুর থানায় মুলতবি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে শিবপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button