আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেফতার ৩

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার অভিযানে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।:

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ ওবাইদুল হক খসরু চট্টগ্রামের Paragon Plastic Limited-এর আমদানিকৃত প্লাস্টিক দানা ফ্যাক্টরিতে পরিবহনের জন্য Mokam Limited নামীয় ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করেন।

উক্ত কাভার্ডভ্যানে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা, যার আনুমানিক মূল্য ৪২ লাখ ৬৪ হাজার টাকা, লোড করা হয়। চালান বুঝে নেওয়ার পর কাভার্ডভ্যান চালক ও মামলার আসামি মোঃ রাশেদ নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছে না দিয়ে অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় পরস্পর যোগসাজশে গত ৪ মে থেকে ৮ মে ২০২৬ এর মধ্যে পুরো মালামাল আত্মসাৎ করেন।

এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় ৯ মে ২০২৬ ইং তারিখে ৪০৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর মোস্তফা আহম্মেদ-এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা হারেছ মোঃ কুসুম, এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্যসহ একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ইমাম আলী @ ইমন (২১)-কে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মোঃ রাশেদ (২৯)-কে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফ আলী সিকদার (৫০)-কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আশরাফ আলী সিকদারের দেখানো মতে টঙ্গী পশ্চিম থানাধীন সুদাফা পূর্বপাড়া ভাদাম রোডস্থ এবি মার্ট গার্মেন্টস সংলগ্ন মেসার্স সবুজ এন্টারপ্রাইজের গোডাউন থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। একইসঙ্গে আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button