ডিসি’র নাম ভাঙিয়ে খাদিমনগর চা বাগানের শত একর ভূমি দখলের মহোৎসব

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর শাহপরান থানা এলাকার ঐতিহ্যবাহী খাদিমনগর চা বাগানের শত শত একর ভূমি দখলকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাগানের লিজগ্রহীতাকে না জানিয়ে জেলা প্রশাসকের নাম ব্যবহার করে সেখানে “Sylhet Animal Sanctuary” নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে খাদিমনগর চা বাগানের জমি দখল করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, এই দখলদার চক্রের নেতৃত্বে রয়েছেন বাগানের সাবেক দুর্নীতিবাজ ব্যবস্থাপক শামীম।
সম্প্রতি বাগানের একটি অংশে “Sylhet Animal Sanctuary” নামের সাইনবোর্ড টানানো হলে বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি দৈনিক সোনালী সিলেটকে জানান, “ডিসি সাহেবের লিখিত অনুমতি নিয়ে পিআইও জমি মেপে বুঝিয়ে দিয়েছেন।” লিখিত অনুমিতির কাগজ দেওয়ার কথা জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানাবো। কিন্তু রাতে ফোন দিয়ে আবার প্রতিবেদকের বিস্তারিত পরিচয় জানতে চাইলে পরিচয় দেওয়া হয়। কিন্তু পরিচয় দেওয়ার তিনদিন পার হলেও কোনকিছুই জানানো হয়নি।
এ বিষয়ে খাদিমনগর চা বাগানের লিজগ্রহীতা আফজাল রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নীনা আফজাল রশীদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে খাদিমনগর মৌজায় জে এল নং সাবেক-৭১ ও বর্তমান-৭১ এর আওতায় ১৭৮৮.৩৩ একর এবং দেবপুর মৌজায় জে এল নং সাবেক-৯৬ ও বর্তমান-৮১ এর আওতায় ১৩.২৩ একরসহ মোট ১৮০১.৫৬ একর চা বাগান ২০১২ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত লিজ নেওয়া হয়েছে, যা এখনো চলমান রয়েছে।” তিনি আরও বলেন,“বাগানে ‘Sylhet Animal Sanctuary’ নামে সাইনবোর্ড সাটানোর বিষয়ে আমি কিছুই জানি না। ডিসি সাহেব আমাকে না জানিয়ে কাউকে তো লিজ দিতে পারেন না।”
বিষয়টি নিয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সোনালী সিলেটকে বলেন, “এ বিষয়ে ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন।”
পরবর্তীতে জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাম ব্যবহার করে চা বাগানের জমি দখলের অপচেষ্টা চলছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



