বাউফলে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে কনকদিয়ার ৮নং ওয়ার্ডের বাসিন্দারা
সবুজ হাওলাদার: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট ও চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত লোডশেডিং এবং লো-ভোল্টেজের কারণে স্থবির হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের এই ভয়াবহ সংকটের কারণে ফ্রিজ, ফ্যানসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করা যাচ্ছে না। তীব্র গরমে একদিকে যেমন অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন, অন্যদিকে কনকদিয়া বাজারের ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। এছাড়াও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা; বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাতে তাদের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে।
কনকদিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ভুক্তভোগী নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“বিদ্যুতের এই চরম সংকটের কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালানো দায় হয়ে পড়েছে। ঘরে ফ্রিজ-ফ্যান চালানো যাচ্ছে না, ছেলে-মেয়েদের পড়াশোনাও বন্ধের উপক্রম। আমরা এই নরকযন্ত্রণা থেকে দ্রুত মুক্তি চাই।”
এই বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (DGM)-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কনকদিয়া ইউনিয়ন ও স্থানীয় বাজার এলাকাটি মূলত কালিশুরী সাব-স্টেশনের (বিদ্যুৎ আওতা) অধীনে পরিচালিত হচ্ছে।
পরবর্তীতে কালিশুরী পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ট্রান্সফরমার বা সঞ্চালন লাইনের কিছু কারিগরি সমস্যার কারণে এই সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে আগামী দুই-একদিনের মধ্যে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার (কোরবানি) আগেই এই সমস্যার স্থায়ী সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এদিকে, কর্তৃপক্ষের আশ্বাসের পর আশার আলো দেখছেন স্থানীয়রা। তবে এলাকাবাসীর একটাই জোর দাবি—কাগুজে আশ্বাস নয়, দ্রুত যেন কার্যকর পদক্ষেপ নিয়ে তাদেরকে এই যেদীর্ঘদিনের বিদ্যুৎ সংকট ও ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়।



