ব্যাংক ডাকাত এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি : সারোয়ার ওয়াদুদ চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ডাকাত” হিসেবে আলোচিত এস আলমের সহযোগী হিসেবে অভিযুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।
সমাবেশে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, এস আলমের পাচারকৃত প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা দ্রুত উদ্ধার করতে হবে এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করে বলেন, প্রতারণার মাধ্যমে হাসিনা আক্তার চৌধুরীর কাছ থেকে ৬৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের বিরুদ্ধে ধানমন্ডি থানা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হলেও তারা এখনো বহাল তবিয়তে চাকরিতে রয়েছেন।
তিনি আরও বলেন, “অভিযোগ থাকা সত্ত্বেও এসব ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।
সমাবেশ থেকে পলাতক এস আলম গ্রুপ, সামিট গ্রুপ ও অন্যান্য অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে কারা পরিচালনা করছেন, তা জনসমক্ষে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, পারভীন নাসের খান ভাসানী, কবি কাজী আলম, আফাজ উদ্দিন, সালাহ উদ্দিন ইউসুফসহ প্রতারণার শিকার বিভিন্ন গ্রাহক।



