ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ইমিরেটাস’ সম্মাননায় ভূষিত হচ্ছেন নাজিমুদ্দিন হাওলাদার

বিল্লাল বিন কাশেম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্য রক্ষা, মানবিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন তৈরির স্বীকৃতিস্বরূপ দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজিমুদ্দিন হাওলাদার-কে বিশেষ সম্মাননা ‘স্টুডেন্ট ইমিরেটাস’ খেতাবে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২২ মে ২০২৬ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের ছায়াতলে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে এই ঘোষণা দেওয়া হয়।
বিকেল বেলা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হাকিম চত্বরের ঐতিহ্যবাহী রেইন্ট্রি গাছের নিচে অনুষ্ঠিত এই সভায় ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান সময়ের বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে। সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি বাঙালির জ্ঞান ও প্রগতিশীলতার ধারক। এই ঐতিহ্যের অংশ হিসেবে যারা শিক্ষার্থী সমাজে ইতিবাচক প্রভাব এবং সহযোগিতার মনোভাব জাগ্রত রাখতে অনন্য ভূমিকা পালন করেছেন, তাদের সম্মান জানাতেই ‘স্টুডেন্ট ইমিরেটাস’ খেতাব প্রবর্তন করা হয়েছে।
নাজিমুদ্দিন হাওলাদার, যিনি ১৯৮৮ সালের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন, দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ রক্ষায় নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার্থী সমাজের প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবেই এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে সভায় জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পবিত্র ঈদুল আজহার পরবর্তী যেকোনো একটি সুবিধাজনক শুক্রবারে ক্যাম্পাস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে নাজিমুদ্দিন হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্রেস্ট, মেডেল ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। ওই অনুষ্ঠানে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনটিকে স্মরণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।
আয়োজন সম্পর্কে পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাসিম রনি বলেন, “এই উদ্যোগ কেবল একজন ব্যক্তিকে সম্মান জানানো নয়, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরন্তন ঐতিহ্য ও মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস।”
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং রংপুর আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব জামাল হোসেন সোহান-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির উপপরিচালক জনাব মেহেদী হাসান কুতুব, বরগুনা পাসপোর্ট অফিসের উপপরিচালক জনাব মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জনাব বিল্লাল বিন কাশেম এবং রাজশাহী উন্নয়ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জনাব আকমল হোসেন রাজুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরো আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে একটি সমন্বিত প্রস্তুতি কমিটি কাজ শুরু করেছে এবং বিভিন্ন উপ-কমিটি গঠন প্রক্রিয়া চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষার্থী ঐতিহ্যের ক্ষেত্রে এই ব্যতিক্রমী উদ্যোগটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক:
বিল্লাল বিন কাশেম
প্রচার সম্পাদক
‘স্টুডেন্ট ইমিরেটাস’ সম্মাননা বাস্তবায়ন কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়।



