শিক্ষার্থীদের সাঁতার শেখাতে ব্যবহার হবে সেনা-নৌবাহিনীর সুইমিং পুল

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরের স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশের অন্তত ১ হাজার ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ তৈরি এবং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এসব মাঠে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশে খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয় এবং পরবর্তীতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়।
কার্যবিবরণী অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে। ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সাঁতার শেখানোর ক্ষেত্রে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স ও শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহার করা হবে। এক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য আলাদা পুল অথবা পৃথক সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের অন্তত ১ হাজার ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ প্রস্তুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এ পর্যন্ত ২৬টি জেলা থেকে ৪০৩টি ইউনিয়নে মাঠ তৈরির উপযোগী খাসজমির তথ্য পাওয়া গেছে, যা দেশের মোট ইউনিয়নের ১০ শতাংশেরও কম। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী ৩ থেকে ৮ বিঘা খাসজমি মাঠের জন্য বিবেচনায় নিতে বলা হয়েছে। জমি নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়নের মাঝামাঝি অথবা গ্রোথ সেন্টারের কাছাকাছি সহজে যাতায়াতযোগ্য স্থানকে অগ্রাধিকার দিতে এবং মাঠগুলো শিশু-কিশোরসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চিহ্নিত মাঠগুলোতে ফুটবলসহ নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শুরু করতে হবে। ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে প্রতিটি উপজেলায় একটি নির্ধারিত প্রধান মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা দল ও টুর্নামেন্টের ব্যবস্থা থাকবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্ধার করা ও চিহ্নিত মাঠগুলোতেও আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন, জাতীয় পর্যায়ের খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিত্বদের যুক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত হয়েছে।
শহরাঞ্চলে খেলার সুযোগ বাড়াতে জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিটি সিটি করপোরেশনে একটি করে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণ করবে। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব উদ্যোগে ১১টি ফুটসাল মাঠ তৈরি করবে, যার প্রকল্প প্রক্রিয়াকরণে কাজ করবে স্থানীয় সরকার বিভাগ।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে বছরের শুরুতেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডির মতো নির্ধারিত খেলাগুলোর সূচি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।



