ধামরাইয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাই পৌর শহরে অবস্থিত হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আদায় করা হচ্ছে ৫২১৫ টাকা। তথ্য অনুসন্ধানে জানা গেছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ২৩১৫ টাকা আদায় করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সংশ্লিষ্ট কারো কোন মাথাব্যথা নেই। উল্টো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তিনি অতিরিক্ত অর্থ আদায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের উৎসাহিত করেছেন।
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির স্থলে অতিরিক্ত অর্থ আদায় করার ফলে হতদরিদ্র অনেক অভিভাবকরা তাদের সন্তানদের ফরম পূরণে হিমশিম খাচ্ছেন। এতে অনেকের ফরম পূরণ করা অনিশ্চিত হয়েপরেছে বলে জানা গেছে।
এ বিষয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজেই আমাদেরকে ২০২৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৫১১৫ টাকা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এ টাকা আদায় করছি। এতে আমাদের কোন দোষ নেই।
এ বিষয়ে আহমেদ নামের এক অভিভাবক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন,রাজধানীর নামকরা আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে দেয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি। বিজ্ঞান বিভাগে ২৪৩৫টাকা এবং ব্যবসায় ও মানবিক শাখায় ২৩১৫ টাকা । অথচ সেই স্থলে ঢাকার ধামরাই পৌরসহরের হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায় করা হচ্ছে বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে আদায় করা হচ্ছে ৫১১৫ টাকা। আমরা অনেক নিম্ন আয়ের অভিভাবকরা এ অতিরিক্ত অর্থ দান করে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষার ফরম পূরণে হিমশিম খাচ্ছি। এ টাকা দিয়ে আমাদের পক্ষে পরীক্ষার ফরম পূরণ করা আদৌ সম্ভব হবে কিনা জানিনা। এ বিষয়ে আমরা সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেই এসএসসি পরীক্ষার ফরম পূরণের এ ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রধান শিক্ষক জুলেখা বেগমের একক কোন সিদ্ধান্তে এ অর্থ আদায় করা হচ্ছে না।
এ বিষয়ে হার্ডিজ্ঞ সরকারি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, অতিরিক্ত দুই মাস পাঠদান করার শর্তে দুই মাসের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি দুই হাজার টাকা আদায় করা হচ্ছে।এছাড়া ফরম পূরণে সরকার নির্ধারিত ফি আদায় করা হচ্ছে ।



