দেশ

জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার

​মো: মোশারফ হোসেন সরকার: ​জামালপুর সদর উপজেলার শরীফপুরে ব্রহ্মপুত্র নদের তীর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (পুরুষ) বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদের তীরে বালুচাপা দিয়ে রেখে গিয়েছিল।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানির তোড়ে নদের তীরের বালু সরে গেলে মরদেহটি আংশিক বেরিয়ে পড়ে। এরপর সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা এগিয়ে এসে মাটিচাপা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

​বিস্ময়কর তথ্য হলো, ঘটনাস্থলের পাশেই নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং কিছু টাকা অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। লুটপাটের কোনো আলামত না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে!

​এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনাটি দেখতে নদের তীরে শত শত উৎসুক জনতা ভিড় জমান।

​জামালপুর সদর থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের মাধ্যমেই এই ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button