আইন-শৃঙ্খলা

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা এবং সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্যসহ ৫১ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৮ জুন) কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসযোগে এসে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কয়েকশ নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই মিছিলের পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের সুনির্দিষ্ট নির্দেশনা ও অর্থায়ন ছিল।

মামলায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার (আসামি নং ৪৯), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস (আসামি নং ৫০) এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীকে (আসামি নং ৫১)। বর্তমানে অভিযুক্ত এসব নেতারা আত্মগোপনে রয়েছেন।

ঝটিকা মিছিলের ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করে। সোমবার তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালতের আদেশে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৪৮ জনকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারনামীয় অন্য পলাতক আসামিদের শনাক্তকরণ এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button